ডুয়েটের ক্যান্টিনে ছয় মাসে ছাত্রলীগ নেতাদের বকেয়া লক্ষাধিক টাকা

১৮ আগষ্ট, ২০২৪ ১৯:১০  

ডুয়েট শহিদ মোস্তফা ক্যাফেটেরিয়ায় নতুন করে চালু করার ছয় মাসের মধ্যে প্রায় ১ লাখ ৩৫ হাজার ১৯৫ টাকা বাঁকি খেয়েছে ডুয়েট ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী। ডুয়েট সাংবাদিক সমিতিকে এমনটাই জানিয়েছে ক্যান্টিনের পরিচালক মোঃ মনির।

তার দেয়া হিসাব অনুযায়ী, এই বকেয়ার অর্থের মধ্যে ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্নার গত ছয় মাসে প্রায় ২৫ হাজার টাকা, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিঠুনের ৬০০০ টাকা, ছাত্রলীগ নেতা তুহিনের প্রায় ২৩ হাজার টাকা, রাজু’র ১৭ হাজার টাকা, প্রতাপের ৫ হাজার টাকার মতো বকেয়া রয়েছে উল্লেখযোগ্য এই কয়জন ছাড়াও অন্যান্যরা যে বকেয়া করেছে সব মিলিয়ে লক্ষাধিক টাকা হয়েছে।

এ বিষয়ে তিনি সাংবাদিক সমিতির সদস্যদের কাছে বলেন, "গত ছয় মাসে ক্যান্টিন চালু পর থেকে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক ক্যাফেটেরিয়ায় বাঁকি খেতে শুরু করে। এই পর্যন্ত তারা প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা মতো বাঁকি খেয়েছে। এর মধ্যে ডুয়েট ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারাও রয়েছে।

তিনি আরো জানান- ইতিমধ্যে কয়েকজনের সাথে যোগাযোগ করা হয়েছে,তারা বলেছে বাঁকি টাকা ফিরিয়ে দিতে ইচ্ছুক,কিন্তু বড় এমাউন্টের বকেয়া যারা করেছে তাদের কাছ থেকে আমরা কোন আশানুরূপ উত্তর পাইনি।

প্রসঙ্গত, করোনা মহামারীর পরে ডুয়েটের শহিদ মোস্তফা ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ছাত্রদের চাপের মুখে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আবারো ক্যাফেটেরিয়া চালু করে।